বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: ঢাবি, রাবি, জাবি ও চবিতে মানবিক বিভাগে ভর্তি হতে করনীয়
ঢাবি, রাবি, জাবি ও চবি- চার বিশ্ববিদ্যালয়ে মানবিক, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষোদে ভর্তি পরীক্ষার মানবণ্টন ও সফল প্রস্তুতির পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো কোন বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়ে পড়াশোনা করবেন। বিশেষ করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার স্বপ্ন শুধু একটি ভালো ফলাফলের ওপর নির্ভর করে না; এর সঙ্গে প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রতিযোগিতামূলক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা এবং নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা।
দেশের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কলা, মানবিক, আইন ও সামাজিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য প্রতি বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। ফলে শুধু পাঠ্যবই পড়লেই কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। প্রয়োজন বিশ্ববিদ্যালয়ভেদে প্রশ্নের ধরন, মানবণ্টন, সময়সীমা, নেগেটিভ মার্কিং এবং সংশ্লিষ্ট ইউনিটের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আগে থেকেই ধারণা রাখা।
এই লেখায় চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রশ্নব্যাংক ব্যবহারের কৌশল, মডেল টেস্ট, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার হলে করণীয় সবকিছু একটি সমন্বিত কাঠামোয় তুলে ধরা হলো।
গুরুত্বপূর্ণ নোট: ভর্তি পরীক্ষার ইউনিট, মানবণ্টন, যোগ্যতা ও অন্যান্য নিয়ম প্রতিবছর পরিবর্তিত হতে পারে। তাই প্রস্তুতির পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অবশ্যই অনুসরণ করতে হবে।
কেন বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা প্রস্তুতি নেয়া জরুরি?
অনেক শিক্ষার্থী একটি সাধারণ ভুল করেন চারটি বিশ্ববিদ্যালয়ের জন্য একইভাবে প্রস্তুতি নেন। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান প্রায় সব পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ হলেও প্রশ্নের গভীরতা, বিষয়ভিত্তিক গুরুত্ব, সময় এবং পরীক্ষার কাঠামো এক নয়। সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় একই থাকে না। ফলে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা ভাবে ভর্তি প্রস্তুতি নেয়ার সুযোগ থাকে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বেশি গুরুত্ব থাকতে পারে, আবার অন্য কোনো পরীক্ষায় সাধারণ জ্ঞান বা বিশ্লেষণী দক্ষতার জন্য আলাদা গুরুত্ব থাকতে পারে। কোথাও লিখিত পরীক্ষা রয়েছে, কোথাও পুরো পরীক্ষা MCQ-নির্ভর।
তাই ভালো প্রস্তুতির প্রথম ধাপ হলো:
“একটি সাধারণ প্রস্তুতি + বিশ্ববিদ্যালয় ভিত্তিক কৌশলগত প্রস্তুতি”
অর্থাৎ প্রথমে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও মৌলিক বিষয়গুলোর একটি শক্ত ভিত্তি তৈরি করতে হবে। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন অনুযায়ী প্রস্তুতিকে সামান্য পরিবর্তন করতে হবে।
চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবণ্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞানভিত্তিক ইউনিট দেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষাগুলোর একটি। মানবিকের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এই ইউনিটে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন।
পরীক্ষার মোট নম্বর ১০০
সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
MCQ অংশ ৬০ নম্বর
বাংলা/ইলেকটিভ বাংলা — ১৫
ইংরেজি — ১৫
সাধারণ জ্ঞান — ৩০
লিখিত অংশ — ৪০ নম্বর
বাংলা ও ইংরেজির ওপর লিখিত দক্ষতা যাচাই করা হয়। এখানে অনুচ্ছেদ, অনুবাদ, সারসংক্ষেপ, ফ্রি-হ্যান্ড রাইটিংসহ বিভিন্ন ধরনের লিখিত প্রশ্ন থাকতে পারে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তনের বিধান থাকলে অনুমাননির্ভর উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিশেষ প্রস্তুতি কৌশল
ঢাবির ক্ষেত্রে শুধু MCQ-তে ভালো করাই যথেষ্ট নয়। লিখিত অংশের জন্যও নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে বাংলা ও ইংরেজিতে নিজের ভাষায় দ্রুত ও নির্ভুলভাবে উত্তর লেখার সক্ষমতা তৈরি করা গুরুত্বপূর্ণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: ‘এ’ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত।
প্রদত্ত কাঠামো অনুযায়ী পরীক্ষা ১০০ নম্বরের MCQ
সময় ১ ঘণ্টা এবং প্রশ্নসংখ্যা ৮০টি।
বিষয়ভিত্তিক মানবণ্টন
বাংলা — ২৮
ইংরেজি — ২৮
সাধারণ জ্ঞান — ২৪
প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
পাস নম্বর- ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৪০।
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হলে চারটি ভুল উত্তরে ১ নম্বর কমে যেতে পারে।
রাবির প্রস্তুতির বিশেষ দিক
রাবির ‘এ’ ইউনিটের মানবণ্টন লক্ষ্য করলে দেখা যায়, বাংলা ও ইংরেজি মিলিয়ে মোট ৫৬ নম্বর। ফলে এই দুই বিষয়ে শক্ত ভিত্তি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু সাধারণ জ্ঞান পড়তে গিয়ে বাংলা ও ইংরেজিকে অবহেলা করলে ভালো মেধাক্রম অর্জন কঠিন হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বি’ ও ‘সি’ ইউনিট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট অনুষদ ও বিষয়ের জন্য আলাদা ইউনিট রয়েছে। সাধারণভাবে সামাজিক বিজ্ঞানভিত্তিক বিষয়ের জন্য ‘বি’ ইউনিট এবং কলা ও মানবিকভিত্তিক বিষয়ের জন্য ‘সি’ ইউনিট গুরুত্বপূর্ণ।
ভর্তি পরীক্ষা ৮০ নম্বরের MCQ
সময় প্রায় ৫৫ মিনিট থেকে ১ ঘণ্টা।
এর সঙ্গে এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে নির্ধারিত নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হতে পারে।
সম্ভাব্য প্রস্তুতির ক্ষেত্র
বাংলা
ইংরেজি
সাধারণ জ্ঞান
সাধারণ গণিত/যুক্তিবিদ্যা
সামাজিক বিজ্ঞানভিত্তিক মৌলিক জ্ঞান
মানবিক ও সাংস্কৃতিক বিষয়াবলি
প্রতি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কর্তনের ব্যবস্থা থাকলে প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে কৌশলী হতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ
এখানে শুধু ভর্তি পরীক্ষার নম্বর নয়, একাডেমিক ফলাফলও মেধাক্রমে ভূমিকা রাখতে পারে। ফলে ভর্তি পরীক্ষার পাশাপাশি SSC ও HSC-এর ফলাফলের গুরুত্বও মাথায় রাখতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ‘বি’ ও ‘ডি’ ইউনিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যার জন্য ‘বি’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান, আইনসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ের জন্য ‘ডি’ ইউনিট গুরুত্বপূর্ণ।
পরীক্ষা ১০০ নম্বরের MCQ
সময় ১ ঘণ্টা।
‘বি’ ইউনিট
বাংলা/ঐচ্ছিক বাংলা — ৩৫
ইংরেজি — ৩৫
সাধারণ জ্ঞান — ৩০
অর্থাৎ বাংলা ও ইংরেজি মিলিয়ে মোট ৭০ নম্বর। ফলে এ দুই বিষয়ে শক্তিশালী প্রস্তুতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ডি’ ইউনিট
বাংলা/ইংরেজি — ৩০
সাধারণ জ্ঞান — ৩০
Analytical Ability — ২০
নির্বাচিত বিষয় — ২০
এখানে দেখা যায়, শুধু মুখস্থনির্ভর সাধারণ জ্ঞান নয়; বিশ্লেষণী ও যুক্তিভিত্তিক চিন্তার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হতে পারে।
এক নজরে চার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ধরন
বিশ্ববিদ্যালয় | গুরুত্বপূর্ণ ইউনিট | প্রধান গুরুত্ব |
|---|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় | কলা, আইন ও সামাজিক বিজ্ঞান | বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান + লিখিত |
রাজশাহী বিশ্ববিদ্যালয় | ‘এ’ ইউনিট | বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | ‘বি’ ও ‘সি’ | বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান + ইউনিটভিত্তিক বিষয় |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | ‘বি’ ও ‘ডি’ | বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান + বিশ্লেষণী দক্ষতা |
ভর্তি পরীক্ষার বাংলা সাহিত্য ও ব্যাকরণের প্রস্তুতি
ভর্তি পরীক্ষায় বাংলা এমন একটি বিষয় যেখানে একই সঙ্গে সাহিত্য, ব্যাকরণ, ভাষা ও শব্দভাণ্ডার থেকে প্রশ্ন আসতে পারে।
সাহিত্য অংশের প্রস্তুতি জন্য প্রথমে HSC-এর নির্ধারিত বাংলা বই ভালোভাবে পড়তে হবে। গাইড বা নোট দিয়ে শুরু না করে মূল পাঠ্যবইকে ভিত্তি করা উচিত।
যেসব বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে—
লেখক ও কবির পরিচিতি | রচনা ও গ্রন্থ | গুরুত্বপূর্ন সাহিত্য কর্মের চরিত্র |
|---|---|---|
সাহিত্যিক উপাধি | সাহিত্যধারা | প্রকাশকাল ও ঐতিহাসিক প্রেক্ষাপট |
ব্যাকরণ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে
সন্ধি | সমাস | কারক ও বিভক্তি |
|---|---|---|
উপসর্গ | প্রত্যয় | শব্দের শ্রেণিবিভাগ |
শুদ্ধ বানান | শুদ্ধ প্রয়োগ | বাগধারা |
এককথায় প্রকাশ | সমার্থক ও বিপরীতার্থক শব্দ | অপপ্রয়োগ |
শুধু নিয়ম মুখস্থ না করে নিয়ম প্রয়োগের মাধ্যমে অনুশীলন করা বেশি কার্যকর।
ইংরেজি: Grammar + Vocabulary + Reading
ইংরেজিতে ভালো করতে হলে একসঙ্গে তিনটি জায়গায় কাজ করতে হবে—Grammar, Vocabulary এবং Reading Comprehension।
Grammar বিশেষ গুরুত্ব দেওয়া যেতে পারে—
Parts of Speech | Tense | Subject-Verb Agreement |
|---|---|---|
Right Form of Verbs | Preposition | Article |
Voice | Narration | Transformation |
Conditional Sentence | Vocabulary | Sentence Correction |
সাধারণ জ্ঞান: অসীম সিলেবাসকে ছোট ছোট অংশে ভাগ করুন
সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষার সবচেয়ে বিস্তৃত অংশগুলোর একটি। “সবকিছু পড়ব”—এই পরিকল্পনা বাস্তবে কার্যকর নয়।
বরং বিষয়ভিত্তিক ভাগ করে পড়া উচিত।
বাংলাদেশ বিষয়াবলির জন্য গুরুত্বপূর্ন টপিক
ভাষা আন্দোলন | মুক্তিযুদ্ধ | বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস |
|---|---|---|
সংবিধান | রাষ্ট্রব্যবস্থা | জাতীয় সংসদ |
স্থানীয় সরকার | অর্থনীতি | জাতীয় পুরস্কার ও প্রতিষ্ঠান |
আন্তর্জাতিক বিষয়াবলির জন্য গুরুত্বপূর্ন টপিক
জাতিসংঘ | আন্তর্জাতিক সংস্থা | বিশ্বরাজনীতি |
|---|---|---|
আন্তর্জাতিক চুক্তি | বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা | গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্য |
আন্তর্জাতিক পুরস্কার | সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা | সাম্প্রতিক বিষয়াবলি |
ভর্তি পরীক্ষার হলে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অনেক সময় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কিছু মানসিক ভুলও করেন।
অতিরিক্ত বই সংগ্রহ- বাজারের সব বই কিনে ফেললে জ্ঞান বাড়ার বদলে বিভ্রান্তি বাড়তে পারে। কয়েকটি ভালো উৎস বারবার পড়া বেশি কার্যকর।
শুধু সাধারণ জ্ঞান পড়া-মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু অনেক পরীক্ষায় বাংলা ও ইংরেজির ওজন উল্লেখযোগ্য।
প্রশ্নব্যাংক শেষ মুহূর্তে শুরু করা- প্রশ্নব্যাংক পরীক্ষার আগে নয়, প্রস্তুতির শুরু থেকেই ব্যবহার করা উচিত।
মডেল টেস্ট না দেওয়া- বাস্তব পরীক্ষার চাপ ও সময়ের সীমাবদ্ধতা অনুশীলন ছাড়া বোঝা কঠিন।
মন্তব্য সমূহ
Write a Comment
0/250